আইন-আদালত

সাতক্ষীরা-ঢাকা রুটে মাস্টার ট্রাভেলসের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

  নিজস্ব প্রতিনিধি ৩১ জুলাই ২০২৬ , ১২:১২:১১

সাতক্ষীরা-ঢাকা রুটে চলাচলকারী বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান মাস্টার ট্রাভেলসের বিরুদ্ধে যাত্রী হয়রানি, পথে পথে লোকাল যাত্রী ওঠানামা করানো এবং অভিযোগের পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক যাত্রী জানান, গত ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে মাস্টার ট্রাভেলসের একটি বাসে (নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-৩২৪৫) চারটি টিকিট কেটে যাত্রা করেন। সোহাগ পরিবহনে টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে তারা মাস্টার ট্রাভেলসে ভ্রমণ করেন।

তার অভিযোগ, যাত্রাপথে বাসটি দূরপাল্লার পরিবহন হওয়া সত্ত্বেও লোকাল বাসের মতো বিভিন্ন স্থানে থেমে অন্তত ১২ থেকে ১৩ জন যাত্রী ওঠানামা করায়। এতে যাত্রীদের নিরাপত্তা ও ভ্রমণের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। নির্ধারিত সময়ের তুলনায় পুরো যাত্রায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা সময় লাগে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য, পুরো ঘটনার ভিডিও ও বাসের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে। পরে তিনি বিষয়টি মাস্টার ট্রাভেলসের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত লিখে পোস্ট করলে সেটি প্রথমে আড়াল (হাইড) করা হয় এবং পরে মুছে ফেলা হয় বলে অভিযোগ করেন। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা বা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে মাস্টার ট্রাভেলসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার পরিবহনে নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

আরও খবর