আইন-আদালত

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

  ১৮ জুলাই ২০২৬ , ১১:৪৩:১৭

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের বাসিন্দা অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অলক চন্দ্র মিত্র (৩৭) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ফুলপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

অভিযোগে বাদী জানান, ২০২০ সালে অলকের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যায় সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরে বিয়ের জন্য চাপ দিলে অলক বিয়ে করতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং কয়েকজন লোক নিয়ে ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দিরসংলগ্ন একটি বাসা থেকে অভিযুক্ত অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর