তরিকুল ইসলাম, কুটনৈতিক প্রতিবেদক ২৫ জুন ২০২৬ , ৩:৩৩:১৫
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক (ট্যুরিস্ট) ভিসার আবেদন গ্রহণ পুনরায় শুরু হবে। একইসঙ্গে জরুরি মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা প্রদান কার্যক্রমও অব্যাহত থাকবে।

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন।
হাইকমিশনার বলেন, ভারত স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালু করছে এবং আগামী রোববার, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ভিসা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সেবার পরিধি বাড়ানো হবে।
আইভ্যাকে বিপুল সংখ্যক আবেদনপ্রত্যাশীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং জনগণ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

















