আন্তর্জাতিক

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল

  তরিকুল ইসলাম, কূটনৈতিক প্রতিবেদক ২৬ জুলাই ২০২৬ , ৫:০৮:৪২

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত প্রাচীন বৌদ্ধ প্রত্নস্থল সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে ১৯ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্যারিসে ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধিদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইউনেস্কোতে ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বিশাল ভি. শর্মা এই স্বীকৃতির জন্য ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্য কেন্দ্রকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)-এর অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, “বিশ্বের ৫০ কোটিরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে সারনাথ আত্মচিন্তা ও প্রেরণার একটি পবিত্র স্থান। এটি তরুণ প্রজন্মকে সত্যের অনুসন্ধান, অহিংসা, সচেতন জীবনযাপন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিবর্তনে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে, যা ভারত ও ইউনেস্কোর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে প্রতিফলিত করে।”

সারনাথ বিশ্ব ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এখানেই বোধিলাভের পর গৌতম বুদ্ধ তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেন। এই ধর্মদেশনার মধ্য দিয়েই বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় এবং বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। এছাড়া সারনাথে আবিষ্কৃত সম্রাট অশোকের সিংহস্তম্ভ বর্তমানে ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকৃতি ভারতের হাজার বছরের সভ্যতার ঐতিহ্য এবং বুদ্ধের শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তার আন্তর্জাতিক স্বীকৃতি। বুদ্ধের শিক্ষা আজও বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

সারনাথের অন্তর্ভুক্তির মাধ্যমে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের মোট সম্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এর মধ্যে ৩৭টি সাংস্কৃতিক, ৭টি প্রাকৃতিক এবং ১টি মিশ্র বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

ভারতের স্থায়ী প্রতিনিধিদল এ অর্জনের জন্য দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়, প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই), উত্তর প্রদেশ সরকার, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি মনোনয়ন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্র, আইকোমোস এবং বিশ্ব ঐতিহ্য কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও খবর