তরিকুল ইসলাম, কুটনৈতিক প্রতিবেদক ৬ আগস্ট ২০২৬ , ৭:১৭:১৭
ভারতীয় হাই কমিশন, ঢাকা তাদের কর্মকর্তা পরিচয়ে পরিচালিত ভিসা জালিয়াতি ও প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। হাই কমিশন জানিয়েছে, একটি প্রতারকচক্র নিজেদের হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

সম্প্রতি এ ধরনের একাধিক অভিযোগ পাওয়ার পর এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন জানায়, তাদের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।
হাই কমিশন জনসাধারণকে অনুরোধ করেছে, এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান না করতে এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করতে। পাশাপাশি ফোনকলকারীর নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করে দ্রুত visa.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানায় বিষয়টি ভারতীয় হাই কমিশন, ঢাকাকে জানাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিসা জালিয়াতি ও ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারণার ঘটনা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছে ভারতীয় হাই কমিশন।

















