জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ৫:১১:৪৭
পবিত্র মাহে রমজানের সিয়াম-সাধনার পরিবেশে যখন মুসলমানরা আত্মশুদ্ধি ও সংযমের বার্তা ধারণ করছেন, ঠিক তখনই সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাদকের ভয়াল ছোবল থামাতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। অভিযানে ১ হাজার ৬ বোতল ফেন্সিডিল (উইনকারেক্স)সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তপথে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক দেশে প্রবেশের তথ্য পেয়ে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ১ হাজার ৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে মো. হাসানুর কারিকর (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের সোহারব হোসেন সরদারের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মৃত জিয়া উদ্দীন গাজীর ছেলে মো. মূসা করিম (৩০)।
রমজান মাসে যেখানে মসজিদমুখী মানুষ ইবাদতে ব্যস্ত, সেখানে কিছু অসাধু ব্যক্তি মাদকের অবৈধ বাণিজ্য চালিয়ে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে- এমন মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, রোজার পবিত্র আবহে মাদক ব্যবসা পরিচালনার চেষ্টা শুধু আইন ভঙ্গই নয়, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধেরও চরম অবমাননা।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ অভিযানটির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “রমজান মাসে কেউ যেন মাদকের মতো ভয়ংকর অপরাধে জড়িয়ে সমাজকে বিপথে নিতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাদের সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক চালান জব্দ হওয়ায় এ নেটওয়ার্ক দুর্বল হচ্ছে। রমজানের পবিত্রতায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।


















