জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ১২:২৭:১০
সাতক্ষীরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, বৈকারী, তলুইগাছা, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির পৃথক আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৫ বোতল উইন সিরাক্স কফ সিরাপসহ বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, শাড়ি, টিফিন ক্যারিয়ার, বাটি ও তালমিশ্রি জব্দ করা হয়। বিজিবি জানায়, তলুইগাছা ও মাদরা বিওপি সর্বোচ্চ মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপি এক লাখ পাঁচ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে। বিজিবির ভাষ্য, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
চোরাচালান কার্যক্রম দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি স্থানীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করছে। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


















