জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৩:০৯:৫১
যশোরের বেনাপোলসহ দেশের সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার রোধ এবং অবৈধ মজুত বন্ধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় যশোর রিজিয়নের আওতায় সাতটি ব্যাটালিয়ন বিভিন্ন জ্বালানি ডিপো ও সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে।
সোমবার বিকেলে বেনাপোল বাজার বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে তেল পাচার করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান লিখিত বক্তব্যে জানান, যশোর রিজিয়নের আওতায় ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান এবং সীমান্তবর্তী ২৯টি তেলের পাম্প পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক রুটগুলোতে ১ হাজার ৯৩৬টি মোবাইল টহল ও ১ হাজার ১৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া তেল পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে ৯৭টি যৌথ তল্লাশি চালানো হয়েছে।
বিজিবি জানায়, স্থলপথের পাশাপাশি নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নদীগুলোতে স্পিডবোটের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় জ্বালানি তেল সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

















