জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৩৫:৩২
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চল রিজিয়নের ৯১টি সংসদীয় আসনে ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বেনাপোল বিজিবি ক্যাম্পে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল রিজিয়নের পক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি জানান, বিজিবি সদস্যেরা নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী দুটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে তারা।
বিজিবি সূত্র জানায়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত নির্বাচনী এলাকাগুলোতে মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হবে। মোতায়েনের পর তিন জেলার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে টহল ও রেকি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।
অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, নির্বাচনকালীন দুষ্কৃতকারীরা যাতে পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার এবং স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া যশোর রিজিয়ন সদর দপ্তরের অধীনে থাকা অবশিষ্ট ছয়টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে ৭৯টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করবে। সব মিলিয়ে এই রিজিয়নের অধীনে মোট ১৮০ প্লাটুন বিজিবি নির্বাচনী মাঠে সক্রিয় থাকবে।


















