জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১:৪২:২৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘ছোট সুমন’ বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। সোমবার সকালে বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ওয়াকিটকি ও গৃহস্থালি সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হাড়বাড়িয়া যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দস্যু বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। আস্তানা থেকে একটি ওয়াকিটকি ও রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


















