গণমাধ্যম

সাতক্ষীরার শাখরা-কোমরপুর বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ: জনদুর্ভোগ চরমে

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১১:২৫:১৯

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা–কোমরপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের ব্যবহারে ব্রিজটির ওপরের লোহার প্লেট ভেঙে গিয়ে একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এই ব্রিজ পার হতে গিয়ে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নিচে গভীর খাল  প্রবাহিত হওয়ায় সামান্য অসতর্কতা বা দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অথচ শাখরা, কোমরপুর, বৈচনা,কুলিয়া, হাড়দ্দাহসহ ভোমরা-বন্দর এলাকার মানুষের জন্য এই ব্রিজটি একমাত্র যোগাযোগ মাধ্যম। এই সেতু দিয়েই শিক্ষার্থীরা স্কুলে যায়, সাধারণ মানুষ বাজারে যাতায়াত করে এবং অসুস্থ রোগীরা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছায়। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্থানীয়রা ঝুঁকি জেনেও বাধ্য হয়ে প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা সকলের নজরে থাকলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি, প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর