গণমাধ্যম

সাতক্ষীরার কলারোয়ায় বাস-নসিমন সংঘর্ষে তরুণের মৃত্যু

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১১:১৬:১৪

সাতক্ষীরার কলারোয়ায় পিকনিকের বাস ও শসা বোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম অপু (১৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মুখী একটি পরিবহন সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে, যশোর দিক থেকে ৬ বস্তা শসা বোঝাই একটি নসিমন কলারোয়ার অভিমুখে আসছিল। ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বাস ও নসিমনের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মাত্রা এতোটাই ভয়াবহ ছিল যে, নসিমন চালক অপু ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং পরিবহনের একাধিক চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, দুর্ঘটনা কবলিত নসিমন ও পরিবহনটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “মরদেহটি বর্তমানে থানায় আছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

আরও খবর