আইন-আদালত

সাতক্ষীরার আশাশুনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের কার্যালয় থেকে ভিজিএফের চাল উদ্ধার

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৩:০২:১১

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর ব্যক্তিগত কার্যালয় থেকে ভিজিএফের সাত বস্তা চাল উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পবিত্র ঈদুল ফিতর পার হওয়ার ১০ দিন পর সোমবার দুপুরে তাঁর চেউটিয়া এলাকার অস্থায়ী কার্যালয় থেকে এই চাল উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুস্থ ও নি¤œ আয়ের মানুষের জন্য বরাদ্দ করা এই চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, গরিবের হক সাধারণ মানুষের মাঝে বণ্টন না করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের অফিসে লুকিয়ে রেখেছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিতরণের সময় কিছু জটিলতার কারণে ২১ জনের বরাদ্দের এই সাত বস্তা চাল রেখে দেওয়া হয়েছিল।’ তিনি আরও দাবি করেন, বিষয়টি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অবগত আছেন।
তবে তৎকালীন ইউএনও সাইদুজ্জামান হিমু এই দাবি অস্বীকার করেছেন। তিনি মুঠোফোনে জানান, চাল সরিয়ে রাখার বিষয়ে তিনি কিছুই জানতেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিবছর ঈদের আগে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী ঈদের আগেই এই বিতরণ শেষ করার কথা থাকলেও ১০ দিন পরও তা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর