আইন-আদালত

সাতক্ষীরায় টিকটকে বাধা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৯:০৯:১০

টিকটক করতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম ফারহানা খাতুন (১৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের মানিকের স্ত্রী।

জানা গেছে, দেড় বছর আগে ফারহানা ও মানিকের বিয়ে হয়। স্বামী ও শাশুড়ির কথা না শুনে প্রায়ই সে বাড়িতে টিকটক করত। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ফারহানা টিকটক করতে চাইলে তার স্বামী ও শাশুড়ি বাধা দেন। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাড়ির সবার অজান্তে তিনি ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরে শাশুড়ি ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে দেখেন ফারহানা ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ. মাসুদুর রহমান ফারহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর