সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীর করা অবমাননাকর ও দায়িত্বহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)।
আইজেএফের প্রচার ও দফতর সম্পাদক শিকদার মুরাদের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, একজন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেন এবং অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা তাদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করা গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, একজন সরকারি কর্মকর্তার এমন বক্তব্য শুধু সাংবাদিকদের অসম্মানই নয়, বরং মুক্ত গণমাধ্যমের চেতনার প্রতিও অবজ্ঞার শামিল। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তার কাছ থেকে আরও সংযত, দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রত্যাশিত ছিল।
আইজেএফের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক কেএম আবদুল মজিদ যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিক সমাজকে অপমান করে দেওয়া এই বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে সরকারি দায়িত্বে থেকে এমন অবমাননাকর মন্তব্য করার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো বক্তব্য বা আচরণ আইজেএফ মেনে নেবে না। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সম্মান রক্ষায় সংগঠনটি সবসময় সোচ্চার থাকবে।
এদিকে, সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সরকারি দায়িত্বে থেকে এমন বিতর্কিত ও অসম্মানজনক মন্তব্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় প্রয়োজন হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করার দাবি জানিয়েছে আইজেএফ।