
যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, বৈঠকে বিজিবির পক্ষে তিনি নিজে এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সীমান্তের শূন্য রেখার কাছাকাছি এক বাংলাদেশির ঘর মেরামত। বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে 'ডাক্তার বাড়ি' নামক স্থানে আব্দুল হাসেম মোড়ল তার ঘরের টিনের চাল সরিয়ে টালি লাগাচ্ছেন। বিএসএফ এই নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানায়।
এর উত্তরে বিজিবির কোম্পানি কমান্ডার বিএসএফকে জানান, এটি আব্দুল হাসেম মোড়লের পৈতৃক ভিটা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। পুরনো টিন নষ্ট হয়ে যাওয়ায় তিনি কেবল চালের সংস্কার করছিলেন। তবে বিএসএফের আপত্তির প্রেক্ষিতে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবির পক্ষ থেকে বাড়ির মালিককে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৈঠকটি শেষ হয়।