জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১২:২৬:২৬
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে এক ব্যক্তির মালিকানাধীন ৫টি দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলাম কুলিয়া ইউনিয়নের গোলাম বারীর ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহেরা মৌজায় সামছুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরের ১২৯৪/৮৮-৮৯ নম্বর বন্দোবস্তী মামলা এবং সখীপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৫ জুন ১৯৮৯ তারিখের ১৩০১ নম্বর বন্দোবস্ত দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করেন। পরে নামজারি করে তারা ৩.৫০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। বর্তমান বি.আর.এস জরিপে ২১৮৩ নম্বর ডি.পি খতিয়ান প্রস্তুত করে সরকারি খাজনা প্রদান করেও জমিটি ভোগদখলে ছিল বলে জানা যায়। পরবর্তীতে সংসারের অভাব-অনটন ও ঋণ পরিশোধের জন্য তারা ওই ৩.৫০ শতক জমি স্থানীয় আব্দুস সামাদের ছেলে আমিরুল ইসলাম, মিজানুর রহমান ও মেয়ে ডালিয়া পারভীনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। জমি ক্রয়ের পর নতুন মালিকরা সেখানে ৫টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাতে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ওই দোকানঘরগুলোতে জোরপূর্বক তালা লাগিয়ে দেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানানো হলেও তাদের কথাও উপেক্ষা করে দোকানগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে উপজেলা বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি ন্যায়বিচারের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।


















