জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৯:১৮:৩০
সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নকল ও ভেজাল সার সিন্ডিকেটের হোতা হিসেবে অভিযুক্ত কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকরা।
বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে ২৬টির বেশি ভেজাল ও নকল সারের গোডাউন গড়ে তুলেছেন ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বিএডিসি ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে। এই নকল সার নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে যমুনা টিভির সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জেলায় শুধু ভেজাল সার সরবরাহই নয়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কৃষি বিভাগের একটি অংশ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেও অভিযোগ তোলা হয়। ১৫ জানুয়ারি হামলার ঘটনা ঘটলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে জেলার সব সাংবাদিককে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘেরাও কর্মসূচিও দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।
ইন্ডিপেন্ডেন্স টিভি ও আজকের পত্রিকা এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে ও বিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বাংলাভিশন টিভি ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জি, এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী হাবিব, কালবেলা ও স্টার নিউজের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এসএম জিন্নাহ, খবর সংযোগ পত্রিকার ফরিদ আহমেদ ময়না, জামাল উদ্দিন, তৌফিকুজ্জামান লিটু, ছাত্র সমন্বয়ক আল ইমরান, ডেইলি ক্যাম্পাসের হোসেন আলী, ভোরের আকাশের আমিনুর রহমান, খবর বাংলাদেশের রেজাউল ইসলাম বাবলু, বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ প্রমুখ।












