জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:১০:১৮
বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ৫৩ কার্টনে ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি বড় অবৈধ চালান আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ইলিশের চালানটি আটক করেন।
মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে ইলিশ আমদানি করেন জান্নাত এন্টারপ্রাইজ। রফতানিকারক ছিল আরজে ইন্টারন্যাশনাল। শুল্ক ফাঁকি দিয়ে বেনাপোল বন্দর থেকে ইলিশের চালান পাচারের চেষ্টা করছিল বহুল আলোচিত শান্তর মালিকানাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সিঅ্যান্ডএফ এজেন্ট মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ আমদানি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৫৩ কার্টন ইলিশ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির দুর্নীতিবাজ ব্যবসায়ীর শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। চিহ্নিত শুল্কফাঁকিবাজদের মধ্যে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শান্ত আলোচিত। এসব অনিয়মের সঙ্গে কাস্টমসের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার সখ্যতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স রক্ষা করে আবারও ব্যবসার সুযোগ করে দেওয়া হয়।


















